রাজশাহী
পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান আসামি রাজিব গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চাঞ্চল্যকর মোশারফ হোসেন পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান আসামি রাজিবুল ইসলাম ওরফে রাজিবকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পবা থানার বড়ইকুড়ি এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রাজিব দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) এলাকার মোছাব্বর হোসেনের ছেলে। সে এই হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে শিতলাই বাথানবাড়ী গ্রামে ভিকটিম পলাশ মেম্বারের বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচাকে কেন্দ্র করে আসামিদের সাথে তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে পলাশ মেম্বারের মাথায় সজোরে আঘাত করে এবং এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর জখম করে।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আঘাতের মাত্রা বেশি হওয়ায় পরের দিন (২৬ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে দামকুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর থেকেই রাজিবসহ অন্য আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপন করে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর র্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার রাতে পবা থানার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে রাজিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/রমজান আলী/আ







