সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স
যোগ দিলেন ৪৮তম বিসিএসের ৮ নতুন চিকিৎসক

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় স্বাস্থ্যসেবায় যুক্ত হলো নতুন আশার আলো। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের অডিটোরিয়াম হলে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের আওতায় ৭ জন সহকারী সার্জন ও ১ জন সহকারী ডেন্টাল সার্জন আনুষ্ঠানিকভাবে যোগদান করেন সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ।
নবনিযুক্ত চিকিৎসকরা ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করে রোগীদের চিকিৎসাসেবা প্রদান শুরু করেছেন। তাঁদের আগমনে দীর্ঘদিনের চিকিৎসক সংকট অনেকাংশে কাটবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং দন্ত চিকিৎসা সেবায় উল্লেখযোগ্য গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন চিকিৎসকদের যোগদানের ফলে সারিয়াকান্দি উপজেলার সাধারণ মানুষ এখন আরও দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন। এতে গ্রামাঞ্চলের রোগীদের অপ্রয়োজনে জেলা শহরে যাওয়ার প্রয়োজনও অনেকাংশে কমে আসবে।
উপজেলার সচেতন মহল আশা প্রকাশ করেছেন, নবনিযুক্ত চিকিৎসকরা আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের মাধ্যমে সারিয়াকান্দির স্বাস্থ্যখাতে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনতে সক্ষম হবেন।
ভিওডি বাংলা/মোঃমনিরুজ্জামান জাহিদ/আ







