• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রদূত আনসারীর গুরুতর অভিযোগ

ভিওডি বাংলা ডেস্ক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন, বিভিন্ন সময়ে কাজকর্মে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রাষ্ট্রদূত লিখেছেন, “কোনো এক নিউজ ফিডে দেখলাম সদ্য বিদায়ি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নাকি জাতিসংঘে চাকরি খুঁজছেন। খবরটির সত্যতা যাচাই করার সুযোগ আমার হয়নি, আর সত্যি বলতে এতে আমার ব্যক্তিগত আগ্রহও নেই। তবে আমার আগ্রহের জায়গা অন্যত্র, কারণ শুরু থেকেই তিনি আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন। মেক্সিকোতে আমাকে পাঠানো থেকে শুরু করে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ, ভোটের আগে দেশে আসতে বারণসহ নানা ইস্যুতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।”

তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন করার জন্য তাকে উৎসাহ দিয়েছিলেন সংস্থার একজন বিদেশি সহকর্মী। লাটভিয়ার মিস ব্র্যান্ডস কেহরিস পদটি শূন্য করার পর রাষ্ট্রদূত এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জানিয়েছিলেন। পরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগের পর প্রাথমিকভাবে আবেদন করার অনুমতি পান তিনি।

মুশফিকুল ফজল আনসারী বলেন, “এ ধরনের পদে সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন এবং নোট ভারবাল প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্র থেকেও সহায়তার আশ্বাস ছিল। তবে আমার প্রত্যাশা ছিল নিজের দেশ, বাংলাদেশ সরকারের সমর্থন নিয়েই এগোনো। মানবাধিকার রক্ষায় আমি অবিচলভাবে কাজ করেছি, জাতিসংঘে আমাদের দৃশ্যমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে।”

তিনি আরও জানান, আবেদন পাঠানোর পর পররাষ্ট্র উপদেষ্টা তাকে জানান, ‘not to proceed’। তিনি জবাবে জানিয়ে দেন, আবেদন ইতিমধ্যেই পাঠানো হয়েছে। তারপর থেকে উপদেষ্টা তার ফোন ধরেননি।

রাষ্ট্রদূত অভিযোগ করেন, “দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় নিজেকে নিবেদন করেছি, অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সামান্য হলেও ভূমিকা রেখেছি, কিন্তু হঠাৎ করে উপদেষ্টার এমন আচরণে ন্যূনতম সমর্থনও পাইনি। নবনির্বাচিত প্রধানমন্ত্রীও এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন।”

তিনি উল্লেখ করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একবার জানতে চাইলে বলা হয়েছিল, “মুশফিক জিততে পারবে না, তাই সমর্থন দেওয়া হয়নি।” রাষ্ট্রদূতের ভাষ্য, প্রকৃতপক্ষে এখানে ভোটাভুটি নেই, যোগ্য প্রার্থীকেই স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়।

মুশফিকুল ফজল আনসারী এই অভিযোগের শেষভাগে উল্লেখ করেছেন, “দায়িত্ব ও কর্তব্যবোধের কারণে সব খোলাসা এখনই করছি না। তবে সময় এলে সত্য প্রকাশ পাবে। লিখছি একটি বই।”

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজাদ মজুমদার ‘দ্য ডেইলি ওয়াদা’-এর নির্বাহী সম্পাদক
আজাদ মজুমদার ‘দ্য ডেইলি ওয়াদা’-এর নির্বাহী সম্পাদক
‘৫ বছরেও হয়নি, করেছি কয়েক মাসে’: ফয়েজ আহমদ তৈয়্যব
‘৫ বছরেও হয়নি, করেছি কয়েক মাসে’: ফয়েজ আহমদ তৈয়্যব
হান্নান মাসুদ-আসিফ মাহমুদসহ সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে হবে: নাসির
হান্নান মাসুদ-আসিফ মাহমুদসহ সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে হবে: নাসির