এম এ মালিক:
গরীব-অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন

দক্ষিণ সুরমার সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক তার নিজ বাড়িতে রমজান মাস উপলক্ষে বিপুল সংখ্যক খাদ্য সামগ্রী অসহায় ও দারিদ্র্য শ্রেণির মানুষের মধ্যে বিতরণ করেছেন। এসময় তিনি বলেছেন, এলাকার সার্বিক উন্নয়ন ও গরিব মানুষের কল্যাণে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ত্রাণ সামগ্রী বিতরণ, ডিপ টিউবওয়েল স্থাপন, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ একাধিক উদ্যোগের কথা তুলে ধরে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এম এ মালিক জানান, গত এক থেকে দুই মাসে এলাকায় প্রায় ৩১টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। আরও ১২-১৪টি টিউবওয়েলের কাজ আগামী তিন-চার দিনের মধ্যে সম্পন্ন হবে। এসব উদ্যোগের মাধ্যমে নিরাপদ পানির সুবিধা পাবে বহু পরিবার।
তিনি বলেন, ব্রিটিশভিত্তিক একটি পারিবারিক দাতব্য সংস্থা-আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। ট্রাস্টের অর্থায়ন মূলত পরিবারের সদস্যদের অবদানে হলেও, অনেকে স্বচ্ছ হিসাবের মাধ্যমে সহযোগিতা করে থাকেন। এই ট্রাস্ট থেকে দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, গরিব মেয়েদের বিয়ে, দুর্যোগকালে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ এবং প্রতি রমজানে দুই থেকে তিন হাজার মানুষের মাঝে সহায়তা প্রদান করা হয়।
এমপি বলেন, অতীতে রাজনৈতিক প্রতিকূলতার কারণে অনেক কার্যক্রম আড়ালে পরিচালিত হলেও বর্তমানে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ এগিয়ে নিতে তিনি উন্মুক্তভাবে কাজ করছেন। তিনি নির্বাচনে বিজয়ের জন্য দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তিনি জানান, জালালপুর-বালাগঞ্জ সড়ক ডাবল লেন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এলজিআরডি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নিয়ে শিগগির কাজ শুরু হবে। এছাড়া তিন উপজেলায় খাল খনন কার্যক্রম শুরু হয়েছে এবং নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বালাগঞ্জ থেকে মৌলভীবাজার সংযোগে একটি সেতুর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি। দ্রুত যোগাযোগের সুবিধার্থে একটি ফেরি সার্ভিস উদ্বোধন করা হয়েছে, যা দুই জেলার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে।
স্বাস্থ্য খাতে এম এ মালিক জানান, বন্ধ থাকা হেলথ কমপ্লেক্সগুলো চালু করা, শূন্যপদে ডাক্তার নিয়োগ এবং রোজার পর থেকে বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রতি মাসে প্রায় এক হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, তিন উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং মেয়েদের জন্য পৃথক প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে। এছাড়া ইউনিয়নভিত্তিক ক্রীড়া কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হবে।
সবশেষে এম এ মালিক বলেন, “আমি আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি। মানুষের যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে বিজয়ী করেছেন, সেই সম্মান রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করব। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে পরিবারের সদস্যদের উপস্থিতিতে অত্র এলাকার অসহায় ও দারিদ্র্য শ্রেণির মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ভিওডি বাংলা/জা







