চুরির অভিযোগে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশা কোটাল এলাকায় চুরির অপরাধে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করে প্রায় ১৫ ঘণ্টা একটি কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার খলিশা কোটাল এলাকায় চুরির অপরাধে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় ২৬ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে স্থানীয়রা ৯৯৯ কল দেন, পরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ, সাকিবকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরিবারের দাবি, হাসপাতালে চিকিৎসার নামে তাকে একটি কক্ষে প্রায় ১৫ ঘণ্টা তালাবদ্ধ রাখা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাঝে জানাজানি হলে তারা হাসপাতালে উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে সাব ইন্সপেক্টর মনজুরুল এসে ডিউটিরত নার্সকে বললে তালা খুলে দেয়।
ভুক্তভোগীর মা ছকিনা বেগম এ ঘটনায় ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে তার ছেলে সাকিব মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে স্থানীয় রশিদুল, সাবেদ ও লিপু গং। ছেলের চিৎকার শুনে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।আমি গরিব মানুষ আমি এর সঠিক বিচার চাই।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা-জাহাঙ্গীর আলম/জা







