• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তরুণ পেশাজীবীরাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রধান শক্তি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ পি.এম.
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বাংলাদেশের টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে তরুণ পেশাজীবীদের ভূমিকাই হবে নির্ধারক—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, একটি শক্তিশালী জাতি গঠনে তরুণদের মধ্যে নৈতিক নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাশক্তি ও সম্মিলিত দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (২ মার্চ) রাজধানীর সিক্স সিজনস হোটেলে আয়োজিত ‘ফোরাম অব ইয়ং প্রফেশনালস’ (FYP)-এর ‘নেতৃত্ব সংলাপ ও ইফতার মাহফিল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ও পেশাজীবীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। তিনি বলেন, “আর্থিক সচেতনতা এবং উদ্যোক্তা মনোভাবই পারে একজন পেশাজীবীকে সফল করতে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক ক্ষমতায়নে তরুণদের পেশাগত সততার সঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরাম অব ইয়ং প্রফেশনালসের উপদেষ্টা রাশেদ উল হক সরকার। তিনি সংগঠনের দীর্ঘ পথচলা, সাম্প্রতিক সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। নেতৃত্ব বিকাশ ও পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সন্ধ্যার একটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল এফওয়াইপি সদস্যদের সম্মাননা প্রদান। সংগঠনের প্রতি নিষ্ঠা, বিশেষ অবদান ও সমাজসেবায় সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে নির্বাচিত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। নেতৃত্বগুণ ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অনন্য উদাহরণ স্থাপনকারীদের এই সম্মাননায় ভূষিত করা হয়।

ইফতারের আগে অনুষ্ঠিত নেতৃত্ব সংলাপে তরুণ পেশাজীবীদের সামনে থাকা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা সমসাময়িক বাস্তবতায় তরুণদের এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেন। পরবর্তীতে সম্মিলিত ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ‘ফোরাম অব ইয়ং প্রফেশনালস’ (FYP) উদীয়মান নেতা ও পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং ক্ষমতায়নের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান
সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী ছাত্রদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান
কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ
কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ
চালের দাম বাড়ার খবর শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
চালের দাম বাড়ার খবর শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর