• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান দেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন: প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি    ৩ মার্চ ২০২৬, ০৮:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় আয়োজিত এক ইফতার মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, দেশের জন্য তারেক রহমানের আগমন আশীর্বাদের মতো।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরের বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্টজন এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

ইফতারে তিনি বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। মা-বাবার মতোই তার হাত যেন জাদুর কাঠি—যেখানেই স্পর্শ করছেন, সেখানেই জনগণ আশাজাগানিয়া ফল পাচ্ছে।’

তিনি আরও বলেন, “তারেক রহমান উদ্ভাবিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে যারা একসময় ভুয়া বলেছিলেন, তারাও আজ তারেক রহমানকে যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন।

পরিবর্তনের অঙ্গীকার ও দেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে মাকে চিরবিদায় দিতে হলেও জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি প্রতিটি মুহূর্ত ব্যয় করছেন। অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও সরকার গঠনের পরপরই সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকের ভাগ্য পরিবর্তনে কৃষক কার্ড চালু, দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের উদ্যোগ, ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালু এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ মিল-কারখানা চালুর মতো যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করছেন তারেক রহমান।’

প্রিন্স বলেন, ‘গারো পাহাড়ের পাদদেশে একটি উন্নত, শিক্ষিত ও সমৃদ্ধ জনপদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সাময়িকভাবে রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে, কিন্তু জনগণের উন্নয়নের স্বপ্ন থেমে থাকবে না।’

ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি। ধোবাউড়া ও হালুয়াঘাটের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়—আমরাই সেই পরিবর্তনের বাহক।’

এর আগে একই স্থানে দুপুরে অনুষ্ঠিত উপজেলা বিএনপির নির্বাচন-পরবর্তী কর্মিসভায় নেতাকর্মীরা অভিযোগ করেন, সূক্ষ্ম ষড়যন্ত্র ও অবৈধ অর্থের প্রভাবে ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তারা আরও দাবি করেন, নির্বাচন-পরবর্তী সময়ে স্বতন্ত্র এমপির আশ্রয়ে পালাতক আওয়ামী গোষ্ঠীর পক্ষ থেকে নির্যাতন, হামলা ও হুমকি দেওয়া হয়েছে।

কর্মিসভায় এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিগত নির্বাচনে জনগণের ভোটে ময়মনসিংহ-১ আসনে ধানের শীষ পরাজিত হয়নি; কোটি কোটি টাকা, মিথ্যাচার ও সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে ধানের শীষের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। ধানের শীষের বিজয় ছিনিয়ে নেওয়া হলেও গারো পাহাড়ের পাদদেশের এই জনপদকে আলোকিত করার স্বপ্ন কেউ ছিনিয়ে নিতে পারবে না।’

তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘রাজনৈতিক ও আইনগতভাবে সব যড়যন্ত্র নস্যাৎ করা হবে।’

ময়মনসিংহ-১ আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগে আইনি লড়াইয়ের প্রস্তুতির কথাও জানান তিনি। দলের পক্ষ থেকে অনুমতি নিয়ে উচ্চ আদালতে মামলা করা হয়েছে উল্লেখ করে প্রিন্স বলেন, ‘সে অনুযায়ী দলের পক্ষ থেকেই উচ্চ আদালতে মামলা করা হয়েছে। উচ্চ আদালত আজ ময়মনমসিংহ-১ আসনের নির্বাচনের ব্যালট পেপারসহ সব নথি নির্বাচন কমিশনের হেফাজতে আনার নির্দেশনা দিয়েছে।

এর মাধ্যমে আইনি লড়াই শুরু হলো। সত্য কখনো চাপা থাকে না। সত্যের উত্থান অবধারিত।’

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল হালিম, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গাবালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাই বসতঘর
রাঙ্গাবালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাই বসতঘর
সাঘাটায় ভ্রাম্যমান আদালত মাদকসেবীকে ৬মাস কারাদণ্ড দিয়েছেন
সাঘাটায় ভ্রাম্যমান আদালত মাদকসেবীকে ৬মাস কারাদণ্ড দিয়েছেন
কুষ্টিয়ার যুবদল নেতা মিলনের বহিষ্কার প্রত্যাহার
কুষ্টিয়ার যুবদল নেতা মিলনের বহিষ্কার প্রত্যাহার