ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তেহরানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সময়ে তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে আঙ্কারা।
বুধবার এক বিবৃতিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে কোমালা ও অন্যান্য প্রতিবিপ্লবী গোষ্ঠীর ঘাঁটি এবং সদরদপ্তর সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করা হয়।
এর আগে গত মাসে ইরাকে অবস্থানরত কয়েকটি কুর্দিবিরোধী সংগঠন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দেয়। তাদের ঘোষিত লক্ষ্য ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানের বর্তমান সরকারকে উৎখাত করা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা।
বুধবার মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই গোষ্ঠীর হাজার হাজার সদস্য ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা শুরুর আগেই ইরানে অবৈধভাবে প্রবেশ করেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করেছে এবং তারা ইরানের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
অন্যদিকে, তুরস্ক দাবি করেছে যে ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে সেটি লক্ষ্যে পৌঁছানোর আগেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তা ধ্বংস করে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি বুধবার তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমায় ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত হয়।
এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘‘ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল; যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত এবং আঘাত হেনে অকেজো করে দেয়।’’
এ ঘটনার পর আঙ্কারা তেহরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ বিস্তারের ঝুঁকি তৈরি করতে পারে—এমন যেকোনও পদক্ষেপ থেকে বিরত থাকতে ইরানকে সতর্ক করা হয়েছে।
সূত্র: এএফপি।
ভিওডি বাংলা/এমএস







