স্ত্রী ইকরাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ আলভীর

আত্মগোপনে থাকা ছোট পর্দার অভিনেতা যাহের আলভী এবার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা-র বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ তুলেছেন। শুক্রবার (৬ মার্চ) রাত ১১টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এসব দাবি করেন। এটিকে নিজের ‘শেষ পোস্ট’ উল্লেখ করে তিনি সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং স্ত্রীর অতীত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন।
আলভীর দাবি, তার বাসার ড্রয়িং ও ডাইনিং রুমে থাকা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ ছিল কেবল ইকরার ফোনে। তিনি জানান, গত ২৫, ২৬ ও ২৭ তারিখ রাতে ইকরার বন্ধু-বান্ধবীরা বাসায় এসেছিলেন এবং মধ্যরাত পর্যন্ত অবস্থান করে সেখানে সিগারেট, গাঁজা ও মদ্যপান করেন। মৃত্যুর আগের দিন ইকরা আলভীর সহকারীকে দিয়ে ঘুমের ওষুধও আনিয়েছিলেন, যা সিসিটিভির আওতাতেই বুঝিয়ে দেওয়া হয়। এসব ফুটেজ যেন কোনোভাবেই সরানো বা নষ্ট করা না হয়—সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
স্ত্রীর মোবাইল ফোন এবং ময়নাতদন্তের প্রতিবেদন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এই অভিনেতা। আলভী জানান, ইকরার ফোনটি বর্তমানে পুলিশের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকেই জানা যাবে কে ইকরার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছে এবং কথোপকথন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে কি না। পাশাপাশি আগের রাতে মদ্যপান বা মাদক সেবনের বিষয়টি ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে আসবে বলেও তিনি মনে করেন। তার দাবি, ময়নাতদন্তের আগে একটি মহল এতে বাধা দেওয়ারও চেষ্টা করেছিল।
সবচেয়ে সংবেদনশীল প্রসঙ্গ হিসেবে আলভী স্ত্রীর অতীত সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন। নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের জবাবে তিনি জানতে চান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ৪১তম ব্যাচের ‘নাবিদ’ নামের এক সহপাঠীর সঙ্গে ইকরার কী সম্পর্ক ছিল।
এছাড়া আলভীর দাবি, ২০১০ সালে পালিয়ে বিয়ের পর ইকরার পরিবার তাকে না জানিয়েই ইকরাকে অন্য জায়গায় বিয়ে দেয়। স্বামী জীবিত থাকা অবস্থায় ইকরা সেই বিয়েতে সম্মতি দেন এবং বাসরও করেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি। পরে বিষয়টি বুঝতে পেরে ইকরা তার কাছে ফিরে এলে আলভী তাকে ক্ষমা করে মেনে নেন।
স্ট্যাটাসের শেষদিকে নিজের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন আলভী। তার ভাষ্য, ওপর মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধপরায়ণতা এবং সহকর্মীদের বেইমানি হয়তো তাকে বাঁচতে দেবে না। একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে সাধারণ মানুষ ও সাংবাদিকদের কাছে সুষ্ঠু তদন্ত এবং প্রমাণগুলো খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। শেষে সবার কাছে ক্ষমাও চান এই অভিনেতা।
ভিওডি বাংলা/আ







