ইরানে সরকার পতন হলেই নেতৃত্ব দেবেন রেজা পাহলভি

ইরানে বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটলে অন্তর্বর্তীকালীন সময়ে দেশের নেতৃত্ব নিতে প্রস্তুত আছেন নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। শনিবার (১৪ মার্চ) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
প্রয়াত শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে পাহলভি বলেন, ইরানে সরকার পতনের পর যেন প্রশাসনিক শূন্যতা বা অস্থিতিশীলতা তৈরি না হয়, সে লক্ষ্যেই তিনি সাম্প্রতিক মাসগুলোতে একটি রূপান্তর পরিকল্পনা (ট্রানজিশন প্ল্যান) তৈরির কাজ করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ইরানের ভেতরে ও বাইরে এমন যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, যারা অন্তর্বর্তীকালীন সময়ে তেহরানের প্রশাসনিক দায়িত্ব সামলাতে পারবেন।
তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্রের পতনের সঙ্গে সঙ্গেই আমার নেতৃত্বে ট্রানজিশনাল সিস্টেম দেশের শাসনভার গ্রহণ করতে প্রস্তুত থাকবে। এবং যত দ্রুত সম্ভব ইরানের সমৃদ্ধির জন্য শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা এবং শর্ত প্রতিষ্ঠা করবে।”
১৯৭৯ সালে ইরানে রাজতন্ত্রের পতন এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকেই পাহলভি নির্বাসনে রয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিজেকে বিরোধী শক্তিগুলোর ঐক্যবদ্ধ মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পাহলভি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ইরানে ধর্মতান্ত্রিক শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার শান্তিপূর্ণ রূপান্তরে সহায়তা করবেন।
এদিকে ইরানে সরকার পতনের লক্ষ্য নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দুই দেশের এই যৌথ হামলা রোববার পর্যন্ত ১৬ দিনে গড়িয়েছে।
ভিওডি বাংলা/এমএস







