সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না: স্পিকার

জাতীয় সংসদে কাগজ দেখে বক্তৃতা দেওয়াকে অনুমোদিত নয় বলে জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি সংসদ সদস্যদের সরাসরি বা কেবল পয়েন্ট দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস তৈরি করার পরামর্শ দিয়েছেন।
রোববার (১৫ মার্চ) সংসদের অধিবেশনের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেওয়া কয়েকজন এমপিকে উদ্দেশ্য করে স্পিকার এই নির্দেশ দেন।
অধিবেশন চলাকালে বরগুনা-১ আসনের ইসলামী আন্দোলন (হাতপাখা) নির্বাচিত সংসদ সদস্য মো. অলিউল্লাহ বক্তব্য দেওয়ার সময় কাগজ দেখে পড়ছিলেন।
এই সময় স্পিকার বলেন, “আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সংসদে দেখে দেখে পড়া এলাউড না। আপনি নোট রাখবেন। একবার তাকিয়ে তারপর হাউসের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন—আগামীতে এটাই আশা করি। এটাই সংসদের নিয়ম।”
তিনি আরও উল্লেখ করেন, “শুধু তিনিই নয়, অধিবেশন চলাকালে আরও বেশ কিছু সংসদ সদস্যকে কাগজ দেখে বক্তব্য দিতে দেখা গেছে। আপনার পূর্ববর্তী বক্তাও দেখে দেখে বক্তব্য দিয়েছেন। আপনিও তাদের মতোই করেছেন। এটা সংসদের রেওয়াজ নয়। ভবিষ্যতে না দেখে পড়ার অভ্যাস করবেন আপনারা।”
স্পিকারের এই নির্দেশনার পর কয়েকজন সংসদ সদস্য কিছুটা বিপাকে পড়েছেন। কারণ অনেকেই দীর্ঘ বক্তব্য প্রস্তুত করে কাগজ দেখে পড়ার ওপর নির্ভর করতেন। তবে এখন থেকে সংসদের নিয়ম মেনে নোট দেখে সরাসরি বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিতে হবে।
উল্লেখ্য, সংসদের কার্যপ্রণালি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠ করার আগে স্পিকারের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।
ভিওডি বাংলা/এমএস







