কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে ঢাকা মহানগরের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এজন্য কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও জনগণের সচেতনতা—দুটিই সমানভাবে প্রয়োজন। সবাই সম্মিলিতভাবে কাজ করলে ঢাকা শহরকে পরিচ্ছন্ন, মশামুক্ত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
রোববার (১৫ মার্চ) রাজধানীর নগরভবনে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকা শহরে পরিচালিত কাজকর্ম দেখে মাননীয় প্রধানমন্ত্রী সন্তুষ্ট হয়েছেন। বিশেষ করে কনজারভেন্সি বিভাগের কার্যক্রমে তিনি খুশি হয়েছেন। এ উপলক্ষে পরশুদিন একটি অনুষ্ঠান আয়োজন করা হবে বলেও জানান তিনি।
আবদুস সালাম বলেন, পরিচ্ছন্নতা কর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার দিয়েছেন। আগামী পরশু দিন সেই উপহার বিতরণ করা হবে।
তিনি বলেন, সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সিটি কর্পোরেশনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। প্রতিটি বিভাগকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনসেবা শুধু নির্দিষ্ট সময়ের চাকরি নয়; বরং মানুষের জীবনকে সহজ ও স্বস্তিদায়ক করার দায়িত্বও সবার।
ডিএসসিসি প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করে দেশ পরিচালনা করছেন। আমরা যদি একইভাবে দায়িত্ব নিয়ে কাজ করি, তাহলে ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখা, মশামুক্ত রাখা, আবর্জনামুক্ত করা এবং দূষিত পানির সমস্যা দূর করা খুব কঠিন হবে না।
তিনি আরও বলেন, প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী তার ওপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন। ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে মেয়র হওয়ার লক্ষ্য নিয়েও তিনি কাজ করতে চান এবং এ জন্য সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, সাবেক কাউন্সিলর, সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সহযোগিতা কামনা করেন।
আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে কাজ করছেন, সেভাবে সুযোগ পেলে দুই থেকে তিন বছরের মধ্যে ঢাকা মহানগরের চেহারা বদলে দেওয়া সম্ভব।
তিনি বলেন, শুধু সিটি কর্পোরেশনের পক্ষে ঢাকার সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এজন্য জনগণকেও সচেতন হতে হবে। সবাই একযোগে কাজ করলে ঢাকা মহানগরকে সুন্দর, সুস্থ ও পরিষ্কার রাখা সম্ভব হবে।
ইফতার মাহফিলে প্রশাসকের পরিবারসহ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, চিফ কনজারভেন্সি অফিসার, চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন বিভাগের প্রধান, সাবেক কমিশনার ও কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/খতিব/এমএস







