সাভারে নিজ বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

সাভারের ইসলামনগর এলাকায় এক ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান (২৩)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) দুপুরে এই দুঃসংবাদ জানা যায়। শারমিন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শারমিন তার স্বামী ফাহিম আল হাসানের সঙ্গে ইসলামনগর এলাকায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন।
শারমিনের স্বামী জানান, রোববার দুপুরে তিনি বাসায় ছিলেন না। দুপুর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে দেখেন, প্রধান দরজা বাইরে থেকে বন্ধ। ভেতরে প্রবেশ করলে শারমিনকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়া দেখতে পান। তার মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল এবং তিনি সম্পূর্ণ নিস্তেজ ছিলেন। পরে বাসার মালিক ও প্রতিবেশীদের সহযোগিতায় শারমিনকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি অফিসার ইউসুফ আলী জানান, “শারমিনকে সোয়া ৫টার দিকে হাসপাতালে আনা হয়। তখন তিনি মৃত অবস্থায় ছিলেন। আমরা তাকে মৃত ঘোষণা করি।”
ঘটনার খবরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ কয়েকজন শিক্ষার্থী হাসপাতাল এলাকায় উপস্থিত হন।
প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, “আমরা ঘটনার সঙ্গে পরিচিত এবং যথাসম্ভব সহযোগিতা করেছি। পুলিশ প্রশাসনকে প্রপার ইনভেস্টিগেশন করার অনুরোধ করেছি।”
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, “মরদেহ ইতোমধ্যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাকি তথ্য ময়নাতদন্তের পর পাওয়া যাবে।”
ভিওডি বাংলা/এমএস







