শত্রুপক্ষকে তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ ব্যক্তি গ্রেপ্তার

শত্রুপক্ষকে স্পর্শকাতর তথ্য সরবরাহ ও গোয়েন্দাগিরির অভিযোগে দেশে অন্তত ৫০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরান। গতকাল রোববার (১৫ মার্চ) দেশটির পুলিশপ্রধান আহমেদরেজা রাদান এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
আহমেদরেজা রাদান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর অর্ধেকই অত্যন্ত গুরুতর। তিনি দাবি করেন, আটক ব্যক্তিদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা শত্রুপক্ষকে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে প্রত্যক্ষভাবে তথ্য দিয়ে সহায়তা করেছেন। এছাড়া কেউ কেউ হামলার শিকার হওয়া স্থানগুলোর ছবি ও ভিডিও ধারণ করে তা বিদেশে অবস্থানরত শত্রুদের কাছে পাঠিয়েছেন।
অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও তারা ঠিক কোন দেশের হয়ে কাজ করছিলেন বা কবে থেকে এই ধরপাকড় শুরু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি পুলিশপ্রধান। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই গণ-গ্রেপ্তারের বিষয়টি আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং গোয়েন্দা নেটওয়ার্ক ছিন্ন করার লক্ষ্যেই তেহরান এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
তথ্যসূত্র: রয়টার্স
ভিওডি বাংলা/আ







