জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে শিক্ষা মন্ত্রণালয় সোমবার (১৬ মার্চ) বিকেলে একটি বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে।
সূত্র জানায়, স্কুলে দীর্ঘদিন ধরে চালু থাকা ‘লটারি প্রথা’ বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা চালুর বিষয়ে শিক্ষামন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগের বিষয়টিও আজ চূড়ান্ত হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিকেল ৪টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের ব্রিফিং কভারেজ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, লটারি পদ্ধতির কারণে মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না—এই দাবির প্রেক্ষিতে স্কুলে ভর্তি পরীক্ষা পুনরায় চালুর বিষয়টি দীর্ঘ আলোচনা শেষে চূড়ান্ত পর্যায়ে এসেছে। আজকের ব্রিফিংয়ে ভর্তি পরীক্ষা পরিচালনার নতুন রূপরেখা প্রকাশ করা হতে পারে।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তিনটি প্রধান বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শূন্য থাকা শীর্ষ প্রশাসনিক পদে নতুন উপাচার্য নিয়োগের বিষয়টিও সমাধান হয়েছে এবং তা আজ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে, সকালে শারীরিক অসুস্থতার কারণে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ভিওডি বাংলা/এমএস







