ইরান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে: ইসরায়েলি মন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে বলে ধারণা করেছেন ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিকি জোহার।
আজ সোমবার ইসরায়েলের রেডিও ১০৩ এফএম ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, “আমরা ইতোমধ্যেই অনুধাবন করতে পারছি যে সামনের দিনগুলোতে উত্তেজনা আরও বাড়বে। তাই ইসরায়েল রাষ্ট্র এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও ব্যপক আকারে প্রস্তুতি এখন থেকেই নেওয়া প্রয়োজন; কারণ বর্তমানে যে গতিপ্রকৃতি আমরা দেখছি, তাতে প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে আরও বেশ কয়েক সপ্তাহ ধরে এই যুদ্ধ চলবে।”
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা চুক্তি ছাড়াই এই সংলাপ শেষ হয়।
পরদিন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে তেহরানে সামরিক অভিযান পরিচালনা শুরু করে।
হামলার পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের — সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে — মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। এই হামলা এখনও অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত ইরানে ১,৩০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
ভিওডি বাংলা/এমএস







