ঢাবির নতুন ভিসি ওবায়দুল ইসলাম, ইউজিসি চেয়ারম্যান হলেন মামুন আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
আর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পাচ্ছেন ঢাবির সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। কর্মকর্তারা বলছেন, সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
এর আগে আজ সকালে ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন অধ্যাপক এস এম এ ফায়েজ।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন নিয়াজ আহমদ খান। ওই দিন ঢাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিয়াজ আহমদ খান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তাঁর মূল পদে (উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক) ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন। ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আজ নিয়াজ আহমদ খান আবেদনপত্র জমা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।’
ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আগস্টের শেষের দিকে নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের দায়িত্ব নিয়েছিলেন।
ভিওডি বাংলা/আরআর







