গণভোট ইস্যুতে এনসিপি নেতাদের বক্তব্য ভুল: আইনমন্ত্রী

গণভোট নিয়ে এনসিপি নেতাদের সাম্প্রতিক মন্তব্যকে ‘অসম্পূর্ণ বোঝাপড়ার ফল’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ বিষয়ে তাদের বক্তব্য সঠিক নয় এবং এ নিয়ে জাতীয় সংসদেই জবাব দেওয়া হবে।
সোমবার (১৬ মার্চ) কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর এলাকায় ৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সারা দেশে নদী-নালা ও জলধারা খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
আইনমন্ত্রী বলেন, “এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেবো। তারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং জুলাই সনদের আলোকে হেঁটে যেতে চায়।”
মামলার জট প্রসঙ্গে তিনি জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
খনন কাজের উদ্বোধনের আগে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ আফজাল হোসেন, কুষ্টিয়া-১ আসনের সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ভিওডি বাংলা/এমএস







