হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল: ভারতকে পাল্টা শর্ত ইরানের

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন কূটনৈতিক বার্তা দিল ইরান। নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে চলমান আলোচনার অংশ হিসেবে ভারতকে পাল্টা শর্ত দিয়েছে তেহরান।
সোমবার (১৬ মার্চ) বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের কাছে আটক থাকা তিনটি তেলবাহী ট্যাঙ্কার ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে ইরান। ফেব্রুয়ারিতে ভারতীয় কর্তৃপক্ষ নিজেদের জলসীমার কাছাকাছি এসব ট্যাঙ্কার জব্দ করে। তাদের অভিযোগ, জাহাজগুলো পরিচয় গোপন বা পরিবর্তন করেছিল এবং অবৈধভাবে জাহাজ-থেকে-জাহাজে (শিপ-টু-শিপ) তেল স্থানান্তরের সঙ্গে যুক্ত ছিল।
সূত্রগুলোর একটি জানায়, নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে তেহরান কিছু ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বিষয়েও অনুরোধ তোলে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাম্প্রতিক জাহাজ চলাচল দুই দেশের দীর্ঘদিনের যোগাযোগ ও সমন্বয়ের অংশ। তবে তিনি বলেন, এ নিয়ে কোনো ধরনের বিনিময় বা চুক্তি হচ্ছে না।
এদিকে ভারত জানিয়েছে, বর্তমানে পারস্য উপসাগরে অন্তত ২২টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং ৬১১ জন ভারতীয় নাবিক অবস্থান করছেন। ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
ভারত যে তিনটি ট্যাঙ্কার জব্দ করেছে সেগুলো হলো অ্যাশহ্যাল্ট স্টার, আল জাফজিয়া ও স্টেলার রুবি। বর্তমানে জাহাজগুলো মুম্বাই উপকূলের কাছে নোঙর করা রয়েছে।
ভিওডি বাংলা/এমএস







