আর্সেনালকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল সিটি

প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি ম্যানচেস্টার সিটি। তবে বিরতির পর দুই গোল করে লিগ কাপের শিরোপা জিতে নেয় পেপ গার্দিওলার দল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে তারা। দুটি গোলই করেন নিকো ও’রাইলি।
রোববার (২২ মার্চ) অনুষ্ঠিত এই চূড়ান্ত ম্যাচ জয়ের মাধ্যমে চার মৌসুম পর আবারও এই ট্রফি ঘরে তোলে ম্যানচেস্টার সিটি। এ নিয়ে মোট নয়বার শিরোপা জয়ের স্বাদ পেল দলটি।
সাম্প্রতিক সময়ে সিটির পারফরম্যান্স খুব ভালো ছিল না। প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানো এবং ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার শেষ ষোলো থেকে বিদায়ের পর অবশেষে মৌসুমের প্রথম শিরোপা জিতল তারা। একই সঙ্গে গার্দিওলা এই প্রতিযোগিতায় পাঁচবার শিরোপা জিতে নতুন রেকর্ড গড়লেন।
প্রথমার্ধে আক্রমণ করেও গোল পায়নি সিটি। বিরতির পর খেলার গতি বাড়ায় তারা। ৬০তম মিনিটে এগিয়ে যায় দলটি। বের্নার্দো সিলভার পাস থেকে নেওয়া শট প্রতিপক্ষ গোলরক্ষক ঠিকমতো সামলাতে না পারলে ফিরতি বলে হেড করে জালে পাঠান ও’রাইলি।
চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে সিটি। ডান দিক থেকে আসা ক্রসে আবারও হেডে গোল করেন এই তরুণ ইংলিশ ডিফেন্ডার।
দুই গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি। ৭৮তম মিনিটে রিকার্দো কালাফিওরির শট পোস্টে লাগে। এরপর ১০ মিনিট পর গাব্রিয়েল হেসুসের হেড ক্রসবারে বাধা পেলে হতাশ হতে হয় দলটিকে।
ভিওডি বাংলা/আ







