শান্তি ফেরাতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি তেহরানে পৌঁছানো হয়েছে। এর আগে ইসলামাবাদ যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করে শান্তি আলোচনার আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, প্রস্তাবের গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং এটিকে ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করা।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রস্তাবগুলো মেনে নিলে ইরানের জন্য বড় ধরনের সুবিধা রাখা হয়েছে। বিশেষ করে দেশটির ওপর আরোপিত সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো নথিপত্র পায়নি বলে জানিয়েছে বিবিসি। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা চালাচ্ছে সংস্থাটি।
সূত্র: বিবিসি
ভিওডি বাংলা/জা







