নেপালের সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

নেপালে গত বছরের সেপ্টেম্বরে চলা দুর্নীতিবিরোধী আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় দায়ের অভিযোগের পর একদিনের ব্যবধানে সাবেক জ্বালানিমন্ত্রী দীপক খাড়কাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে আটক করা হয়েছিল।
রোববার (২৯ মার্চ) সকালে অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে দীপক খাড়কাকে গ্রেপ্তার করা হয়েছে, খবর জানিয়েছে এএফপি।
সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরোর মুখপাত্র শিব কুমার শ্রেষ্ঠ জানান, নেপালের অর্থ পাচার তদন্ত বিভাগ এই মামলার তদন্তের দায়িত্ব গ্রহণ করবে।
নব্যনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ফেসবুকে লিখেছেন, আন্দোলনের সময় খাড়কার বাসভবন থেকে উদ্ধার করা অর্থের তদন্তের প্রেক্ষিতে তাকে আজ আটক করা হয়েছে।
সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রতিবাদে ওই আন্দোলন শুরু হলেও তা দ্রুত দুর্নীতি ও আর্থিক অনটনের বিরোধী বৃহৎ আন্দোলনে রূপ নেয়। আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, ৮ ও ৯ সেপ্টেম্বরের দমন-পীড়নে অন্তত ৭৬ জন নিহত হন। আন্দোলনকারীরা সংসদ ভবন এবং সরকারি অফিসে আগুন ধরিয়ে অলি সরকারের পতন ঘটায়।
দীপক খাড়কার বাসভবনেও আগুন লাগানো হয়েছিল। আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারীরা তার বাড়িতে থাকা টাকা বাতাসে ছুড়ে দিচ্ছেন।
অভ্যুত্থানের পর নেপালে চলতি মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নিরঙ্কুশ জয় লাভ করে। দলের নেতা, র্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত বালেন্দ্র শাহ গত শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর একদিন পর, শনিবার সাবেক প্রধানমন্ত্রী অলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লেখককে গ্রেপ্তার করা হয়।
ভিওডি বাংলা/এমএস







