রাহুলের মৃত্যুতে ১ কোটি ক্ষতিপূরণ দাবি

জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ভোলবাবা পার করেগা’-র শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে শোকের পাশাপাশি বিতর্কও দানা বাঁধছে। গত ২৯ মার্চ ওড়িশা-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী তালসারি সমুদ্র সৈকতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সরাসরি এটিকে দুর্ঘটনা হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, শুটিং ইউনিটের চরম অবহেলা ও নিরাপত্তাহীনতার কারণেই এই মৃত্যু ঘটেছে। একই সঙ্গে রাহুলের পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
ওড়িশা পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার দিন বিকেল সাড়ে ৫টার দিকে সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রের সঙ্গে পানিতে একটি দৃশ্য ধারণ করছিলেন রাহুল। হাঁটুসমান পানিতে শুটিং চলাকালে হঠাৎ দুজনেই পা পিছলে পড়ে যান। দ্রুত উদ্ধার করে দিঘার একটি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা রাহুলকে মৃত ঘোষণা করেন। তবে শ্বেতা মিশ্র প্রাণে বেঁচে যান।
তদন্তে আরও উঠে এসেছে, সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার কাছে ওই স্থানে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল না। বিষয়টি দুর্ঘটনার দায় নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
এদিকে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে প্রযোজক, প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ এনেছে। সংগঠনটির দাবি, খরচ বাঁচাতে অনেক সময় শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় না। সমুদ্র এলাকায় শুটিংয়ের মতো ঝুঁকিপূর্ণ কাজে ডুবুরি, উদ্ধারকারী দল বা জরুরি চিকিৎসা ব্যবস্থার অনুপস্থিতি দায়িত্বশীলদের গাফিলতিরই প্রমাণ।
ঘটনাটিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। পাশাপাশি তাদের কার্যক্রম স্থগিতের দাবি জানানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শুটিং ইউনিটের সদস্যদের দেওয়া তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে, যা তদন্তকে আরও জটিল করে তুলেছে। এ কারণে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
ভিওডি বাংলা/জা







