উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে ফ্রান্সজুড়ে
এবার কান উৎসবে পর্দা উঠবে ‘লা ভেনাস ইলেকট্রিক’ সিনেমা দিয়ে

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের পর্দা উঠছে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে। ১২ মে উদ্বোধনী অনুষ্ঠানের পর গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে সিনেমাটির। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে কান কর্তৃপক্ষ।
উদ্বোধনের দিনই ফ্রান্সজুড়ে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে রোমান্টিক কমেডি ঘরানার এই ছবি। ফলে উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে দেশব্যাপী। নিজের চলচ্চিত্র দিয়ে উৎসবের সূচনা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে সালভাদোরি বলেন, ‘কান এমন একটি প্ল্যাটফর্ম, যা চলচ্চিত্রকে উদযাপন করে এবং নতুন প্রতিভাকে তুলে আনে।
তার মতে, নিজের কাজের প্রতি ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন রয়েছে এই ছবিতে, আর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হওয়া তার জন্য গর্বের।’
১৯২৮ সালের প্যারিসকে পটভূমি করে নির্মিত ‘লা ভেনাস ইলেকট্রিক’-এর গল্পে দেখা যায় তরুণ চিত্রশিল্পী আঁতোয়ান বালেস্ত্রোকে, যিনি স্ত্রীর মৃত্যুর পর সৃষ্টিশীলতা হারিয়ে ফেলেন। এক রাতে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর আত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে গিয়ে তিনি পরিচিত হন সুজান নামের এক সার্কাসকর্মীর সঙ্গে।
চুরি করতে গিয়ে ঘটনাচক্রে সেখানে ঢুকে পড়া সুজান ধীরে ধীরে প্রতারণার আশ্রয়ে ভুয়া আত্মা ডাকার আয়োজন করতে থাকে, যার ফলে আঁতোয়ানের সৃষ্টিশীলতা ফিরে আসে। কিন্তু জটিলতা তৈরি হয় যখন সুজান নিজেই সেই মানুষটির প্রেমে পড়ে যান, যাকে তিনি প্রতারণা করছেন।
ছবিতে অভিনয় করেছেন পিও মারমাই, আনাইস ডেমাউস্টিয়ার, গিলস লেলুচে, বিমলা পন্স ও গুস্তাভ কেরভার্ন। চিত্রনাট্য লিখেছেন সালভাদোরি নিজে, সঙ্গে ছিলেন বেঞ্জামিন শারবি ও বেনোয়া গ্রাফিন।
ফরাসি কমেডি নির্মাতাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাম সালভাদোরি এই ছবিতে তার পরিচিত থিম ‘মিথ্যা, দ্ব্যর্থতা ও ছদ্মবেশ’ আবারও তুলে ধরেছেন। তবে এবারই প্রথম তিনি পিরিয়ড ঘরানায় কাজ করেছেন, যেখানে ২০ শতকের শুরুর প্যারিসের শিল্প-সংস্কৃতি, বিনোদন ও আধ্যাত্মিকতার আবহ ফুটে উঠেছে।
ভিওডি বাংলা/এসআর







