বগুড়ায় বাসায় ঢুকে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে ঢুকে শাহানাজ বেগম (৭০) নামে এক অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শাহানাজ বেগম ওই গ্রামের মৃত আবুল খালেকের স্ত্রী এবং তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার ছিলেন। দীর্ঘদিন চাকরি শেষে তিনি নিজ বাড়িতেই বসবাস করছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি শাহানাজ বেগমের বাড়িতে প্রবেশ করে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এ সময় বাড়ির ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা ভিন্ন কক্ষে অবস্থান করছিলেন। হামলাকারীরা শাহানাজ বেগমের ছেলের স্ত্রীকে একটি কক্ষে আটকে রাখে বলে জানা গেছে।
পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাতিজা আবু রায়হান সুজন জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। হঠাৎ করে শাহানাজ বেগমের ছেলে সজিব ফোন দিয়ে তাকে দ্রুত বাড়িতে যেতে বলেন এবং জানান, বাড়িতে অপরিচিত লোকজন প্রবেশ করেছে। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে গিয়ে দেখেন, শাহানাজ বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
তিনি আরও জানান, তার গলার কাছে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে বাঁচাতে পারেননি।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। তিনি বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/জা







