ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে তাবিথ আউয়াল

ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ। ব্যাংক-কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক গত ৩১ মার্চ তাদের পরিচালনা পর্ষদে নিয়োগ দেয়।
রোববার (৫ এপ্রিল) অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন পরিচালকরা অংশ নেন। একই দিন ব্যাংকটির পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পোশাক খাতের উদ্যোক্তা নাজনীন আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবিন, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মুনীর আহমেদ চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।
ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা যায়, তাবিথ আউয়াল বর্তমানে মাল্টিমোড গ্রুপের উপপ্রধান নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। নাজনীন আহমেদ ডাই অ্যাফিন লিমিটেড ও অফিসিনা বিডি লিমিটেডের চেয়ারম্যান।
এর আগে তাবিথ আউয়াল ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
রাজনৈতিক পরিবর্তনের পর ন্যাশনাল ব্যাংকে আবারও প্রভাবশালী ভূমিকা নিতে শুরু করেন আব্দুল আউয়াল মিন্টু। চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। মন্ত্রী হওয়ার কারণে তিনি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। এরপর ২ মার্চ অধ্যাপক মেলিতা মেহজাবিন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।
ঋণ জালিয়াতি ও অনিয়মে জর্জরিত ন্যাশনাল ব্যাংক কয়েক বছরে তারল্য সংকটে পড়ে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। তখন ব্যাংকটির নিয়ন্ত্রণে ছিল চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ।
পরবর্তীতে একই বছরের আগস্টে ২১ বছর পর চেয়ারম্যান হিসেবে ব্যাংকে ফিরে আসেন আব্দুল আউয়াল মিন্টু। উত্তরাধিকার সূত্রে তাবিথ আউয়ালও অতীতে ব্যাংকের পরিচালনায় যুক্ত ছিলেন এবং ২০০৭ সাল পর্যন্ত বিভিন্ন সময় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভিওডি বাংলা/আ







