যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি পূর্বের অবস্থায় ফিরবে না: আইআরজিসি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আর কখনো আগের অবস্থায় ফিরবে না—এমন মন্তব্য করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এই প্রণালির বাস্তবতা স্থায়ীভাবে বদলে গেছে।
বিবৃতিতে বলা হয়, ইরান পারস্য উপসাগর অঞ্চলে যে ‘নতুন ব্যবস্থা’ কার্যকর করতে চায়, তা বাস্তবায়নে তারা সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এর আগে হরমুজ প্রণালি সংক্রান্ত একটি খসড়া আইন অনুমোদন করে ইরানের পার্লামেন্টারি কমিটি। প্রস্তাবিত আইনে এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর যাতায়াত শুল্ক আরোপের কথা বলা হয়েছে।
ইরানি সংবাদমাধ্যমের তথ্যমতে, ওই প্রস্তাবে বলা হয়েছে—জাহাজ চলাচলের শুল্ক ইরানের নিজস্ব মুদ্রায় পরিশোধ করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রয়েছে। যেসব দেশ ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা দিচ্ছে, তাদের বিরুদ্ধেও পাল্টা বিধিনিষেধ আরোপের কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব, সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং ওমানের সঙ্গে আইনি সহযোগিতার বিষয়গুলোও এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, হরমুজ প্রণালি খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে একাধিকবার সময়সীমা বেঁধে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান সাড়া না দিলে দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা চালানো হতে পারে।
এক সাক্ষাৎকারে ট্রাম্প হুমকি দেন, ৪৮ ঘণ্টার মধ্যে সমঝোতায় না এলে ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হতে পারে। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হরমুজ প্রণালি খুলে দিতে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেন—মঙ্গলবার রাত ৮টা (পূর্বাঞ্চলীয় সময়), যা তেহরান সময় অনুযায়ী বুধবার মধ্যরাত।
একই দিনে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান কোনো পদক্ষেপ না নিলে দেশটির বিদ্যুৎকেন্দ্র বা সেতু অক্ষত থাকবে না।
ট্রাম্পের এই আলটিমেটামকে ঘিরে রাশিয়া ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র: আল-জাজিরা
ভিওডি বাংলা/আ







