আরও ৩ দিনের রিমান্ডে ডিজিএফআই’র সাবেক ডিজি মামুন

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এসময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।
এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে রিমান্ড শুনানি শুরু হয়। এসময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামির পক্ষে মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত থেকে তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
ভিওডি বাংলা/আরকেএইচ







