ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দারের চার দিনের রিমান্ড

রাজধানীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার।
এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা রমনা বিভাগের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, দীর্ঘদিন পলাতক থাকায় আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকিসহ ঊর্ধ্বতন ব্যক্তিদের নির্দেশে আন্দোলন দমনে কাজ করেছেন বলে অভিযোগ করা হয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, সামরিক কর্মকর্তা হিসেবে পেশাগত সুযোগ কাজে লাগিয়ে তিনি আন্দোলন দমনে বিভিন্ন পরিকল্পনায় যুক্ত ছিলেন। এ সময় অর্থ, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার অভিযোগও আনা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মামলার সঙ্গে জড়িত পলাতক আসামিদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তদন্ত কর্মকর্তা জানান।
শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।
ভিওডি বাংলা/আ







