• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক

নিজস্ব প্রতিবেদক    ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ছয় শতাধিক ছাড়িয়ে গেছে।

শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।

তিনি বলেন, ‘‘সংরক্ষিত মহিলা আসনের জন্য দলের মনোনয়ন ফরম গতকাল থেকে শুরু করেছি। গতকাল পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। ফরম বিক্রি ও জমা—দুটিই আজ এবং আগামীকাল অব্যাহতভাবে চলবে।”

‘‘দলের পক্ষ থেকে আমাদের যে মনোনয়ন, তারা তাদের যে আকাঙ্ক্ষা, দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে যে বোর্ড আছে সেখানে তাদের আবেদনটি যাবে এবং কী পদ্ধতিতে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে, এটি হয়তো জানা যাবে আজ-কালকের মধ্যেই। আমরা আবার আপনাদেরকে জানিয়ে দেব।”

রিজভী বলেন, ‘‘আমরা প্রত্যাশা করছি যে, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বরাবরই বিএনপি যেভাবে তার সংসদ সদস্যদের বাছাই করে, ঠিক একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হচ্ছে। অর্থাৎ যারা প্রার্থী হতে ইচ্ছুক, তাদেরকে দলের যে মনোনয়ন ফর্ম সেটি আমরা বিতরণ করছি এবং তারা সেটি পূরণ করে যা যা চাওয়া হয়েছে, সেই ডকুমেন্টসগুলোসহ আমাদের কাছে জমা দেবেন।”

দুপুরে ১টায় দলের সহ-দফতর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং বলেন, ‘‘মনোনয়ন পত্র এখনো কিনছেন নারী নেত্রীরা। এখন পর্যন্ত ছয়শ’র ওপরে মনোনয়ন পত্র বিক্রি হয়েছে।”

‘‘জমা পড়েছে ৭৮/৭৯টি। কালকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আশা করছি, যারা মনোনয়নপত্র নিয়েছেন, তারা কালকেই জমা দেবেন।”

মনোনয়ন ফরম বিক্রি বেশি—ইঙ্গিত করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘‘এবারের প্রত্যাশা অত্যন্ত বেশি, এই কারণেই যে দীর্ঘ ১৬/১৭ বছর এক ভয়ানক দুর্বিষহ পরিস্থিতি অতিক্রম করে আজকের এই জায়গায় উপনীত হয়েছে। একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। ১৫/১৬ বছরের লড়াইয়ের পর আমরা গণতান্ত্রিক চর্চা, রীতিনীতি এবং এটি অনুশীলন করার যে পরিবেশটি পাওয়া গেছে, সেটির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে।”

মনোনয়ন ইচ্ছুক প্রার্থী চূড়ান্তের বিষয়ে রিজভী বলেন, ‘‘বিগত আন্দোলনে মহিলাদের অনেক অবদান রয়েছে। কেউ যদি ফেসবুকে কোনো স্বাধীন মতামত পেশ করেছেন, তাকে গভীর রাতে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং যারা অত্যন্ত সক্রিয় ছিলেন রাজপথে, তাদের ওপর চলেছে বর্বরোচিত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে নিপীড়ন-নির্যাতনের শেষ ছিল না; অব্যাহত গতিতে নিপীড়ন-নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে।”

‘‘আমি মনে করি, দলের আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার, অত্যন্ত যুক্তিসহকারে, এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”

দলীয় মনোনয়ন প্রক্রিয়া ‘দ্রুত সম্পন্ন করতে হবে’ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘‘সময় কম। দ্রুতই দলীয় প্রক্রিয়াটা আমাদের সম্পন্ন করতে হবে। কারণ চূড়ান্ত তালিকার প্রার্থীদের আবার নির্বাচন কমিশনে গিয়ে তাদের কাজ আছে।”

শনিবারও নয়া পল্টনের কার্যালয়ে শিক্ষক, আইনজীবী, শিল্পী, ছাত্রদলের সাবেক নেত্রীরাও মনোনয়ন ফরম কিনেছেন। তাদের মধ্যে আছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিনী বীথিকা বিনতে হোসাইনসহ সাবেক সাংসদগণ।

মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। ১২ এপ্রিল পর্যন্ত ফরম তোলা এবং জমা দেওয়া যাবে। জমা দেওয়ার সময়ে প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে বলে জানান রিজভী।

গত বুধবার সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল।

চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংরক্ষিত নারী আসনে ৭ শতাধিক ফরম বিতরণ
সংরক্ষিত নারী আসনে ৭ শতাধিক ফরম বিতরণ
সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী
সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী
‘এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন’, জামায়াত আমিরের ক্ষোভ
‘এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন’, জামায়াত আমিরের ক্ষোভ