• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও

রুদ্র রাসেল    ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলা নীলফামারীকে এশিয়ার চিকিৎসা সেবার হাব, মোহনা বা মহাকেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। সার্কভুক্ত দেশসহ আন্তর্জাতিক যোগাযোগ ও আনুষঙ্গিক বিষয় বিবেচনা করে দেশের উত্তরাঞ্চল ঘিরেই এগোচ্ছে স্বাস্থ্যখাতের এই মহাপরিকল্পনা।

সার্বিক বিবেচনায় চীনের দেওয়া উপহার এক হাজার শয্যাবিশিষ্ট ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ স্থাপনের জন্য নীলফামারীর টেক্সটাইল মাঠ বেছে নেওয়া হয়েছে। এর ৫০০ শয্যা হবে বিশেষায়িত, আর ৫০০ সাধারণ। বিশেষায়িত অংশে ক্যান্সার, কার্ডিওলজি ও নিউরোলজিসহ উন্নত চিকিৎসার সুবিধা থাকবে, যা বাংলাদেশসহ নেপাল ও ভুটানসহ সার্কভুক্ত দেশের রোগীদের সেবা প্রদান করবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নীলফামারী মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস এই নির্মিতব্য হাসপাতাল লাগোয়া এলাকায় স্থাপনের জন্য প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রক্রিয়াধীন। বর্তমান সৈয়দপুর বিমানবন্দরটিও আন্তর্জাতিক মানে উন্নীত করার কথা ভাবছে সরকার। এছাড়া ট্রেন ব্যবস্থাকে আধুনিক করাসহ আরও বেশ কিছু পদক্ষেপের কথা জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সরকারের কারিগরি প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) সমন্বিতভাবে কারিগরি দিকগুলো নিয়ে আলোচনা করে পরিকল্পিত চিকিৎসা মহাকেন্দ্রের জন্য থিমেটিক নকশা তৈরি করছে বলে এসব দপ্তর নিশ্চিত করেছে।

ইতোমধ্যে এ বিষয়ক একটি কমিটিও গঠন করা হয়েছে। ওই কমিটি আগামী ১৬ এপ্রিলের মধ্যে কারিগরি প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া থিমেটিক নকশা ও সুপারিশমালাসহ সামগ্রিক প্রতিবেদন প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেবে।

এর অংশ হিসেবে শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি বলেন, এখান থেকে সার্ক অঞ্চলের যোগাযোগটা আমার মনে হয় সহজ হবে। সেই ক্ষেত্রে এই এলাকাটা চিকিৎসার হাব হবে এবং সেন্টার অব এক্সিলেন্স হবে।

স্বাস্থ্য সচিব বলেন, ‘আমরা লক্ষ্য করেছি খুলনা অঞ্চল থেকেই অনেক বড় একটা সার্কেলের রোগীরা বাইরে চলে যায়। তাই সবকিছু বিবেচনায় আমরা এই স্থানটি নির্ধারণ করেছি।’

স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, এক হাজার শয্যাবিশিষ্ট এই হাসপাতালে ৫০০ বেড সাধারণ, ৫০০ বেড হবে বিশেষায়িত।

মেডিকেল কলেজ প্রসঙ্গে সচিব বলেন, চীনের উপহারের হাসপাতালটির কাছাকাছি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা হলে শিক্ষার্থীরা আরও সমৃদ্ধ হতে পারবে।

নীলফামারী তার সুদীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি নিয়ে উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে বিবেচিত, যা ১৯৮৪ সালে স্বতন্ত্র জেলা হিসেবে যাত্রা শুরু করে। জেলাটির ঐতিহাসিক ও প্রাকৃতিক দর্শনীয় স্থান নীলসাগর (ঐতিহাসিক দিঘি), তিস্তা ব্যারেজ, চীনা মসজিদ, সৈয়দপুর রেলওয়ে কারখানা, ডিমলা রাজবাড়ী এবং উত্তর ইপিজেড। এখানকার ডোমার উপজেলার বিখ্যাত সন্দেশ এই অঞ্চলের ঐতিহ্যবাহী মিষ্টি।

এটি বিভাগীয় শহর রংপুর থেকে ৫৫ কিলোমিটার পশ্চিম-উত্তরে অবস্থিত। উত্তরাঞ্চলের অন্যতম প্রধান এই শহরের আয়তন ২৭.৫০ বর্গকিলোমিটার, জনসংখ্যা ৮৫,৫৯৫। নীলফামারী শহর ‘ক’ শ্রেণির পৌরসভা দ্বারা শাসিত।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর নিউমার্কেটে অবৈধ ২০ দোকান, ৪০ কোটি টাকার লেনদেন
রাজধানীর নিউমার্কেটে অবৈধ ২০ দোকান, ৪০ কোটি টাকার লেনদেন
প্রধানমন্ত্রীর প্রথম সফর দক্ষিণ এশিয়ায়!
প্রধানমন্ত্রীর প্রথম সফর দক্ষিণ এশিয়ায়!
রাষ্ট্রক্ষমতায় থাকা নিয়ে ভোটাভুটি হয় সেনাবাহিনীর ভেতরে
রাষ্ট্রক্ষমতায় থাকা নিয়ে ভোটাভুটি হয় সেনাবাহিনীর ভেতরে