পিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি জব্দ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাবেক চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, তার স্ত্রী ফারহানা হোসেন, ছেলে মো. আদনান হোসেন নীপু এবং মেয়ে রাহাত আরা ঋতি ও শামীম আরা নিতুর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
রোববার (১২ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলার তদন্ত সংস্থা দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, মো. বেলায়েত হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।
সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো. বেলায়েত হোসেনের আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ, সঠিকতা যাচাই এবং আসামির মালিকানাধীন অন্য কোন সম্পদ আছে কি না, তা যাচাই/পরীক্ষা-নিরীক্ষা করার জন্য মো. বেলায়েত হোসেন, তার স্ত্রী ফারহানা হোসেন, ছেলে মো. আদনান হোসেন নীপু, মেয়ে রাহাত আরা ঋতি ও শামীম আরা নিতুর দাখিল করা আয়কর নথি খোলার শুরু হতে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত আয়কর বিবরণী পর্যালোচনা করা আবশ্যক।
‘আয়কর আইন, ২০২৩ অনুযায়ী বেলায়েত হোসেন ও তার অন্যান্য পরিবারের সদস্যরা নামীয় আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি সরবরাহ করার লক্ষ্যে আদালতের আদেশ একান্ত প্রয়োজন।
ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ







