ইসরায়েলে হামলার হুমকি এরদোয়ানের

লেবাননে বোমাবর্ষণ অব্যাহত থাকলে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘রক্ত ও ঘৃণায় অন্ধ’ বলে মন্তব্য করেছেন তিনি।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতে পাকিস্তান মধ্যস্থতা না করলে তুরস্ক ইসরায়েলকে ‘তার জায়গা দেখিয়ে দিত’। তিনি আরও দাবি করেন, লিবিয়া ও কারাবাখের মতো প্রয়োজনে ইসরায়েলেও সামরিক পদক্ষেপ নেওয়া সম্ভব।
তুর্কি প্রেসিডেন্টের এ বক্তব্য এমন সময়ে এলো, যখন তুরস্কের প্রসিকিউটররা নেতানিয়াহুসহ ইসরায়েলের ৩৫ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন। এতে মোট সাড়ে চার হাজার বছরের বেশি কারাদণ্ডের আবেদন করা হয়েছে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, নির্যাতন এবং বেআইনিভাবে স্বাধীনতা হরণের অভিযোগ আনা হয়েছে।
তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক এই অভিযোগপত্রকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে, এই পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহু এরদোয়ানকে উদ্দেশ করে পাল্টা অভিযোগ তোলেন।
এছাড়া ইসরায়েলের একজন মন্ত্রী ইসরাইল কাৎজ তুরস্কের নেতৃত্বের সমালোচনা করে বলেন, ইসরায়েল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় অবস্থানে থাকবে। আরেক মন্ত্রী ইতামার বেন গাভীর সামাজিক মাধ্যমে এরদোয়ানকে কটূক্তিও করেন।
একসময় তুরস্ক ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুই দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য ও ভ্রমণ সম্পর্ক বিদ্যমান ছিল। তবে ইসরায়েল ও হামাসের সংঘাতের পর থেকে সেই সম্পর্কের দ্রুত অবনতি ঘটে।
ভিওডি বাংলা/আ







