• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ নারী পাচ্ছেন মাসে ২,৫০০ টাকা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৯ এপ্রিল ২০২৬, ০১:১১ পি.এম.
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেন প্রধানমন্ত্রী: ছবি: সংগৃহীত

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের নারী প্রধানদের আর্থিক সহায়তা দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় বর্তমানে ৩৭ হাজার ৮১৪ পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নারীর আর্থিক সক্ষমতা বাড়ানো এবং সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি জেলা এবং তিনটি সিটি কর্পোরেশনে এই কর্মসূচি চালু করা হয়েছে।

নির্বাচিত পরিবারগুলোর নারী প্রধানদের নিয়মিত এই ভাতা প্রদান করা হচ্ছে, যা তাদের নিত্যপ্রয়োজন মেটাতে সহায়তা করছে।

সরকার নারীর অর্থনৈতিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, নগদ সহায়তার পাশাপাশি জীবিকাভিত্তিক সহায়তা যুক্ত করা এবং শহর ও গ্রামীণ এলাকার জন্য পৃথক গ্রাজুয়েশনভিত্তিক মডেল চালু করা। এসব উদ্যোগের মাধ্যমে নারীদের স্বনির্ভর করে তোলার পাশাপাশি দীর্ঘমেয়াদি আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এছাড়া নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ সহজ করতে বিপণন নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, নারীদের অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্ততা বাড়লে পরিবার ও সমাজ উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে।

নারী নির্যাতন প্রতিরোধেও সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে বিভিন্ন আইন ও নীতিমালা কার্যকর করার পাশাপাশি সেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে। জাতীয় টোল-ফ্রি হেল্পলাইন, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার ও সেল, জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি এবং জাতীয় ট্রমা কাউন্সেলিং সেন্টারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সক্রিয়ভাবে কাজ করছে।

পাশাপাশি নারী ও কিশোরীদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। এ কর্মসূচিতে আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি, উপকারভোগীর সংখ্যা বাড়ানো এবং প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে টিকাদান কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক ডেলিভারিকেও এই সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু