• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতায় সময় লাগবে আরও ২ মাস

নিজস্ব প্রতিবেদক    ৫ মে ২০২৬, ০১:৪১ পি.এম.
মির্জা আব্বাস: ছবি-ভিওডি বাংলা

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। তবে চিকিৎসকদের মতে, তার পূর্ণ সুস্থতা ফিরে পেতে আরও প্রায় দুই মাস সময় লাগতে পারে।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে মাথায় সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে নিয়মিত পর্যবেক্ষণ, থেরাপি এবং পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলছে।

চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অস্ত্রোপচারের পর তার মস্তিষ্কে কোনো জটিলতা দেখা দেয়নি। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল বলে নিশ্চিত করা হয়েছে। যদিও সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় প্রয়োজন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পারিবারিক সূত্র জানায়, মির্জা আব্বাসের সঙ্গে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন তার মেজো ভাই, মেজো ভাবি এবং ঘনিষ্ঠ স্বজনরা। পরিবার তাকে সার্বক্ষণিকভাবে দেখভাল করছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ঈদুল আজহার আগেই পরিবারের আরও কিছু সদস্য তার সঙ্গে দেখা করতে মালয়েশিয়া যাবেন। এতে তার মানসিক শক্তি ও সুস্থতা দ্রুত উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মির্জা আব্বাসের ভাগিনা জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। খুব শিগগিরই তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে দেশের জনগণের কাছে দোয়া চাইবেন বলেও জানানো হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় তার খোঁজ নিতে দলীয় নেতাকর্মীরা নিয়মিত হাসপাতালে যাচ্ছেন। বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন।

সম্প্রতি হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার অগ্রগতির বিষয়ে বিস্তারিত জানেন এবং মির্জা আব্বাসের সঙ্গে কিছু সময় কথা বলেন।

এছাড়া ঢাকা থেকে তার নির্বাচনি এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও মালয়েশিয়ায় গিয়ে তার খোঁজ নিচ্ছেন বলে জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য যেন কেউ না ছড়ায়। তার চিকিৎসা অগ্রগতি ধীরে হলেও ইতিবাচক দিকে এগোচ্ছে বলে তারা জানিয়েছেন।

 ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-দিল্লি সম্পর্কে বড় আশঙ্কা দেখছে না বিএনপি
বিজেপির উত্থান, তৃণমূলের ধাক্কা ঢাকা-দিল্লি সম্পর্কে বড় আশঙ্কা দেখছে না বিএনপি
পশ্চিমবঙ্গ ভোটে ঢাকার টাকা! নজরদারিতে শিল্পগোষ্ঠী
পশ্চিমবঙ্গ ভোটে ঢাকার টাকা! নজরদারিতে শিল্পগোষ্ঠী
নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা
সংসদের সংরক্ষিত নারী আসন নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা