• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক    ৬ মে ২০২৬, ১২:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়লেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে—এ কথা স্পষ্ট করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথে ইরানের একক নিয়ন্ত্রণ মেনে নেবে না ওয়াশিংটন।

মঙ্গলবার (৫ মে) পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নে—যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে কোনো অভিযান শুরু করেছে কি না—এর জবাবে হেগসেথ বলেন, “না, যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি। এটি (প্রজেক্ট ফ্রিডম) সম্পূর্ণ আলাদা একটি বিষয়।” তিনি আরও বলেন, “আপাতত যুদ্ধবিরতি বজায় আছে।” একই সঙ্গে ইরানকে সতর্ক করে তিনি বলেন, তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয়, যা নতুন করে সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

হেগসেথ বলেন, “ইরানকে একটি আন্তর্জাতিক জলপথে (হরমুজ প্রণালি) নিরীহ দেশ এবং তাদের পণ্য চলাচলে বাধা দিতে দেওয়া হবে না।”

তিনি জানান, ‘প্রজেক্ট ফ্রিডম’ একটি সাময়িক উদ্যোগ। এর মূল লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের সম্ভাব্য আগ্রাসন থেকে সুরক্ষা দেওয়া। তার দাবি, যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি জাহাজ ইতোমধ্যে নিরাপদে এই প্রণালি অতিক্রম করেছে। এর মাধ্যমে পথ নিরাপদ থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে এবং এতে ইরান ‘লজ্জিত’ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ‘প্রজেক্ট ফ্রিডম’-এর অংশ হিসেবে হরমুজ প্রণালিতে ইরানের ছোট আকারের সাতটি নৌযানে হামলা চালানো হয়েছে। তিনি জানান, মার্কিন সামরিক বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে এ অভিযান পরিচালনা করেছে।

তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, মার্কিন বাহিনী সামরিক নৌযান নয়, বরং যাত্রীবাহী ছোট নৌকায় হামলা চালিয়েছে। এতে পাঁচজন বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করা হয়।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মার্কিন ডেস্ট্রয়ারগুলো রাডার বন্ধ রেখে হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু ইরানি নৌবাহিনীর নজরদারিতে সেগুলো শনাক্ত হয়। পরে সতর্কবার্তা হিসেবে কমব্যাট ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করে গোলাবর্ষণ করা হলে মার্কিন জাহাজগুলো সরে যেতে বাধ্য হয়।

তেহরান স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আবার এই প্রণালিতে প্রবেশের চেষ্টা করলে তা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির পর সাম্প্রতিক দুই দিনের উত্তেজনা পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এতে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা তৈরি হয়েছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরমুজে ইরানের ৭ দ্রুতগামী নৌকা ধ্বংসের দাবি ট্রাম্প
হরমুজে ইরানের ৭ দ্রুতগামী নৌকা ধ্বংসের দাবি ট্রাম্প
আমিরাতকে হুঁশিয়ারি ইরানের
আমিরাতকে হুঁশিয়ারি ইরানের
চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১
উদ্ধারকাজে রোবট চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১