• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ৬ মে ২০২৬, ০৭:০২ পি.এম.
প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই কৃষক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার পৃথক তিনটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের মৃত হরিচরণ বর্মনের ছেলে দিলীপ চন্দ্র বর্মন (৪৫) এবং নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামের পাতু মহন্তের ছেলে অনুকূল চন্দ্র মহন্ত (৪০)। অন্য নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তবে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট উঠাপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় ধান কাটার শ্রমিক ছিলেন।

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের জীবন ও নারায়ণ। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া দিঘীর পাড়ে জমিতে ধান কাটছিলেন দিলীপ বর্মনসহ আরও কয়েকজন কৃষক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দিলীপ বর্মনের মৃত্যু হয়। আহত জীবন ও নারায়ণকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের রাজশাহীতে স্থানান্তর করেন।

অন্যদিকে, নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামে মাঠ থেকে ধান সংগ্রহ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ হারান অনুকূল চন্দ্র মহন্ত। এছাড়া একই উপজেলার খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা এক শ্রমিকের মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জমিতে কাজ করার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, তার উপজেলায় দুইজন নিহতের খবর পাওয়া গেছে। এরমধ্যে একজন স্থানীয় কৃষক এবং অন্যজন বহিরাগত শ্রমিক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গাবালীতে রহস্যজনক মৃত্যু, গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
রাঙ্গাবালীতে রহস্যজনক মৃত্যু, গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
‌নিখোঁজ বৃদ্ধার সন্ধান মিলল তেঁতুল গাছের মগডালে
‌নিখোঁজ বৃদ্ধার সন্ধান মিলল তেঁতুল গাছের মগডালে
গৌরীপুরে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‍্যাব
গৌরীপুরে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‍্যাব