• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৮ জুন

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০২:৩৯ পি.এম.
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ফাইল ছবি

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৮ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন ঢাকার একটি আদালত। দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এবারসহ মোট ১২৬ বার সময় নেওয়া হলো।

বৃহস্পতিবার (৭ মে) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত সংস্থা নির্ধারিত সময়েও প্রতিবেদন আদালতে জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ঘটনার পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ সময় তদন্ত চললেও মামলার রহস্য উদ্ঘাটন ও অভিযোগপত্র দাখিলে বারবার বিলম্ব হয়।

একপর্যায়ে মামলার তদন্ত কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট। পরে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর আদালত র‌্যাবের কাছ থেকে তদন্তের দায়িত্ব সরিয়ে নেয়। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ সদস্যদের নিয়ে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তভার দেওয়া হয়।

তখন আদালত ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষ অতিরিক্ত সময়ের আবেদন করে। শুনানি শেষে আদালত আরও ছয় মাস সময় মঞ্জুর করেন এবং পরবর্তী অগ্রগতি জানাতে নির্দিষ্ট তারিখও ধার্য করেন।

তবুও নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি। পরে গত বছরের অক্টোবর মাসে এবং চলতি বছরের এপ্রিলেও হাইকোর্ট নতুন করে সময় বাড়িয়ে দেন। আদালত তদন্ত দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি গুরুত্বারোপ করলেও এখনও চূড়ান্ত প্রতিবেদন জমা হয়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে
দেবপ্রিয় ভট্টাচার্য: দেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন