মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে নগর ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মানবতা, সহমর্মিতা ও দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে নগর ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন আজ অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের আশার প্রতীক হয়ে উঠেছে। “United in Humanity” প্রতিপাদ্যকে সামনে রেখে মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, আজ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের সঙ্গে একাত্ম হয়ে সহানুভূতি, সাহস ও অবিচল সেবার মহান ঐতিহ্য উদযাপন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ১৮৬৩ সালে ইতালির সলফেরিনো যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে মহামতি জ্যঁ অঁরি ডুনাঁ ও তাঁর সহযোগীরা মানবতার সেবায় একটি সংগঠনের ভিত্তি স্থাপন করেন, যা পরবর্তীতে আন্তর্জাতিক রেড ক্রস হিসেবে পরিচিতি লাভ করে। ১৬৩ বছর পর আজ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী বিস্তৃত হয়ে অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের আশার আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছে।
আবদুস সালাম বলেন, বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির পথচলা দেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ১৯৭৩ সালের ৩১ মার্চ প্রেসিডেন্ট অর্ডার নম্বর ২৬-এর মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ-পরবর্তী বিধ্বস্ত দেশে মানবতার সেবায় এটি আশার প্রতীক হয়ে ওঠে।
তিনি আরও বলেন, এবারের বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের প্রতিপাদ্য “United in Humanity”। এ প্রতিপাদ্য মানবতার সেবায় ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার বার্তা দেয়। ধর্ম, বর্ণ, জাতিগত পরিচয় বা পটভূমি নির্বিশেষে সবাই একটি অভিন্ন মানব পরিবারের সদস্য।
তিনি বলেন, দুর্যোগ, সংঘাত কিংবা যেকোনো সংকটে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বৈষম্যহীনভাবে মানুষের পাশে দাঁড়ায়। বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবক ও কর্মীরা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দিয়ে মানুষের বেঁচে থাকার আশাকে জাগ্রত রাখছেন।
মানবতার সেবায় প্রতিটি ছোট উদ্যোগও গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি মানবসেবামূলক কাজই দুর্ভোগ কমানোর সম্মিলিত প্রচেষ্টায় অবদান রাখে।
ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের একটি গর্বিত সদস্য। সাতটি মূলনীতির আলোকে সংগঠনটি দেশের মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবছর বন্যা, খরা, সাইক্লোন ও জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগে সংগঠনের স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ প্রস্তুতি, কমিউনিটি রেজিলিয়েন্স বৃদ্ধি, জরুরি সাড়া ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাস্থ্যসেবা, যুব ও স্বেচ্ছাসেবক সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।
আইসিআরসি, আইএফআরসি এবং বাংলাদেশে কর্মরত অন্যান্য ন্যাশনাল সোসাইটি ও দাতা সংস্থার সহযোগিতায় বিডিআরসিএস-এর ৩০টি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে বলেও জানান তিনি।
দুর্যোগ মোকাবিলায় Flood Response 2024, Cyclone Response 2024, Flood Response 2025, Tornado Assistance Programme 2025, Refugee Assistance Programme এবং Population Movement Operation-এর মতো কার্যক্রম দেশব্যাপী পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
এসময় তিনি বিভিন্ন দুর্যোগে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে কাজ করা স্বেচ্ছাসেবক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আজীবন সদস্য, ইউনিট কার্যনির্বাহী সদস্য, সরকারি-বেসরকারি অংশীদার, আইসিআরসি, আইএফআরসি এবং অন্যান্য ন্যাশনাল সোসাইটির প্রতিনিধিদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন সংস্থা ও সংগঠনের সমন্বয়ে প্রতি মাসের প্রথম শনিবার “ক্লিনিং ডে” হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী ৯ মে সবাই নিজ নিজ বাড়িঘর, আঙিনা, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখবেন। একই দিনে বেইলি রোড থেকে শান্তিনগর পর্যন্ত এলাকায় রেড ক্রিসেন্টের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এ কর্মসূচিতে রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের কর্মী-স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
ভিওডি বাংলা/খতিব/আ







