• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সৌদি ও কুয়েতের আপত্তিতে স্থগিত ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’

ভিওডি বাংলা ডেস্ক    ৮ মে ২০২৬, ০২:৪৩ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ পাহারার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত নৌ-অভিযান 'প্রজেক্ট ফ্রিডম' সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সৌদি আরব ও কুয়েত তাদের আকাশসীমা এবং বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানানোয় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব। একই সাথে মার্কিন যুদ্ধবিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে দেশটি। শুধু সৌদি আরবই নয়, মিত্র দেশ কুয়েতও এই অভিযানে তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহারের সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, ট্রাম্পের এই আকস্মিক ঘোষণায় পারস্য উপসাগরীয় দেশগুলো অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ে। মূলত কোনো পূর্ব আলোচনা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযানের ঘোষণা দেওয়া হয়। যদিও হোয়াইট হাউস দাবি করেছে যে মিত্রদের আগে জানানো হয়েছিল, তবে মধ্যপ্রাচ্যের কূটনীতিকদের মতে, ঘোষণার পর কেবল ওমানের সাথে যোগাযোগ করেছিল ওয়াশিংটন।

পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোনে কথা বললেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। সৌদি আরব বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন দিচ্ছে।

মার্কিন অভিযান স্থগিত হওয়ার এক দিন পরই ইরান ওই অঞ্চলে তাদের সক্রিয়তার কথা জানিয়েছে। ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা ঘোষণা করেছে যে, হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে কারিগরি সহায়তা, জ্বালানি এবং চিকিৎসা সেবা দিতে তারা পুরোপুরি প্রস্তুত।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৬ দেশকে সুসংবাদ দিল আরব আমিরাত
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫
ছবি: সংগৃহীত
হরমুজে স্বাভাবিক হচ্ছে জাহাজ চলাচল, জ্বালানি বাজারে স্বস্তির আভাস