হরমুজ উত্তেজনায় বেড়েছে তেলের দাম, এশিয়ার বাজারে নতুন চাপ

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার প্রভাব সরাসরি পড়েছে বিশ্ববাজারে। এর জেরে এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বেড়েছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
শুক্রবার (৮ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে ইরানের “উসকানিহীন” হামলা প্রতিহত করা হয়েছে। এসব হামলায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করা হয়। একই সঙ্গে মার্কিন নৌজাহাজগুলো উপসাগর ছাড়ার সময় হরমুজ প্রণালি অতিক্রমকালে আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায়।
বাজারে সরাসরি প্রতিক্রিয়ায় সকালবেলার লেনদেনে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০১ দশমিক ৬০ ডলারে পৌঁছায়। যদিও লেনদেনের শুরুতে দাম ২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছিল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দামও ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। শান্তি আলোচনা এগিয়ে নিতে গত ২১ এপ্রিল তিনি যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।
হামলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং ওয়াশিংটনের অবস্থান অপরিবর্তিত—তেহরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
তিনি আরও বলেন, “আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে। তবে তাদের বুঝতে হবে, যদি চুক্তি না হয়, তাহলে তাদের অনেক ভোগান্তির মুখে পড়তে হবে। আমার বিশ্বাস, তারা এই চুক্তি আমার চেয়েও বেশি চায়।”
ভিওডি বাংলা/এমএস







