• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী কে? চূড়ান্ত সিদ্ধান্ত আজই

আন্তর্জাতিক ডেস্ক    ৮ মে ২০২৬, ১২:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

সরকার গঠনের আগমুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন—রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব কার হাতে যাচ্ছে। বিজেপির ভেতরেই এ নিয়ে তীব্র আলোচনা চলছে, আর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজই।

শুক্রবার (৮ মে) কলকাতায় দলীয় নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলের ধারণা, এই বৈঠকেই পশ্চিমবঙ্গের 
পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে পারে নতুন বিজেপি সরকার।

দলীয় বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির একটি বড় অংশের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনিই সবচেয়ে শক্তিশালী প্রার্থী। শুভেন্দুর পক্ষে সবচেয়ে বড় যুক্তি হিসেবে উল্লেখ করা হচ্ছে—টানা দুই নির্বাচনে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। ২০২১ সালে নন্দীগ্রামে মমতার বিপক্ষে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় দুই হাজার ভোটের ব্যবধানে জয় পান শুভেন্দু। এরপর এবারের নির্বাচনে ভবানীপুরে আবারও মুখোমুখি হন তিনি মমতার। সেখানে ব্যবধান আরও বড় হয়ে যায়, প্রায় ১৫ ভোটের ব্যবধানে পরাজিত হন তৃণমূল নেত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের ইতিহাসে মুখ্যমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এমন সরাসরি মুখোমুখি লড়াই খুবই বিরল। একইসঙ্গে টানা দুইবার কোনো মুখ্যমন্ত্রীকে ভোটে হারানোর নজিরও কম। ফলে বিজেপির ভেতরে শুভেন্দুকেই স্বাভাবিক মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। এবারের নির্বাচনে শুভেন্দুকে দুইটি কেন্দ্র থেকে প্রার্থী করেছিল বিজেপি। নন্দীগ্রাম আসনে তিনি প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে জয় পান।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতেই কলকাতায় পৌঁছান অমিত শাহ। তিনি নিউ টাউনের একটি হোটেলে অবস্থান করছেন। শুক্রবার বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী ২০৭ জন বিধায়কের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। 

দলীয় নিয়ম অনুযায়ী, পরিষদীয় দলনেতাই মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তাই এই বৈঠককেই কার্যত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নির্ধারণের চূড়ান্ত পর্ব হিসেবে দেখা হচ্ছে। এই প্রক্রিয়ায় অমিত শাহর সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে।

সূত্র বলছে, বৈঠকে যাঁর নাম চূড়ান্ত হবে, তাঁকেই সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে রাজভবনে যেতে বলা হবে। সেখানে গভর্নরের কাছে সরকার গঠনের দাবি জানাবে বিজেপি।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শনিবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদি ও কুয়েতের আপত্তিতে স্থগিত ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’
সৌদি ও কুয়েতের আপত্তিতে স্থগিত ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’
যুদ্ধবিরতিতে নতুন মোড়, মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে ইরান
যুদ্ধবিরতিতে নতুন মোড়, মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে ইরান
রাজ্যপালের মধ্যেই ভেজাল, রীতি উপেক্ষায় পরিস্থিতি জটিল
তামিলনাড়ুতে সরকার গঠন রাজ্যপালের মধ্যেই ভেজাল, রীতি উপেক্ষায় পরিস্থিতি জটিল