• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক    ৮ মে ২০২৬, ০৫:৩৭ পি.এম.
বক্তব্য রাখছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ পুলিশের অভ্যন্তরীণ বিশৃঙ্খল পরিস্থিতির অনেকটাই নিয়ন্ত্রণে এনে বাহিনীকে পুনর্গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শুক্রবার (৮ মে) রাজধানীর পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১-এ ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, করোনাকাল এবং পরবর্তী রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পুলিশ সপ্তাহ যথাযথভাবে আয়োজন করা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, ‘পুলিশেরও যে আমাদের একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, সেটা অনেকাংশে আমরা গুছিয়ে আনতে সক্ষম হয়েছি।’

আইজিপি আরও বলেন, সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সহযোগিতায় একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি হয়েছে। এখন লক্ষ্য হচ্ছে পুলিশকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব বাহিনীতে পরিণত করা।

তিনি জানান, নতুন প্রজন্ম যে ধরনের আধুনিক ও জনগণমুখী পুলিশ প্রত্যাশা করে, সেই ধরনের বাহিনী গড়ে তুলতে সরকার বিভিন্ন নির্দেশনা ও সহযোগিতা দিচ্ছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্টরা পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে আন্তরিক বলে উল্লেখ করেন তিনি।

আইজিপি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম বিষয় ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। পুলিশের বিভিন্ন দাবি-দাওয়া পূরণেও সরকার ইতিবাচক ভূমিকা রাখছে।

তিনি বলেন, ‘আগে যেভাবে বলা হতো আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত নিতে দেরি হয়, এখন সেই দিন নেই। নতুন সরকার নতুন উদ্যোগে কাজ শুরু করেছে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সরকার সার্বিক সহযোগিতা করছে বলেও জানান পুলিশের মহাপরিদর্শক।

ভিওডি বাংলা/এম আই/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নূর আলীর অর্থপাচারের হাতিয়ার বোরাক রিয়েল এস্টেট
নূর আলীর অর্থপাচারের হাতিয়ার বোরাক রিয়েল এস্টেট
জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই : বাণিজ্যমন্ত্রী
জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই : বাণিজ্যমন্ত্রী
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু