বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন
সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুন

ঢাকার কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১২ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই দিন ঠিক করেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে আইনজীবীরা শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। শুনানি শেষে বিচারক অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেন।
জানা গেছে, ২০২৪ সালের ১৩ অগস্ট সন্ধ্যায় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, নিউমার্কেট থানার হত্যা মামলায় জড়িত আসামিরা সদরঘাট ২ নম্বর মসজিদ সংলগ্ন স্থানে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা অবৈধভাবে নিজ হেফাজতে রেখে অবস্থান করছিলেন। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে হাতে-নাতে আটক হন। পরে তারা তাদের নাম-ঠিকানা জানায়।
আটকের পর আসামি আনিসুল হকের কাছে থাকা ব্যাগে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়। এ সময় সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, সাড়ে ৮ হাজার দিরহাম, ১৩ লাখ উজবেকিস্তানে সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড, এক হাজার ৩২১ ইউরো, ৬২৩০ ভুটানের গুলট্রাম, ৩৩২০ থাই বাথ ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় ওই বছরের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার পরে গত ৩০ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান।
অভিযোগপত্রে বলা হয়েছে, সালমান এফ রহমান ও আনিসুল হক সচেতনভাবে এবং জ্ঞাতসারে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও অনুমোদন ব্যতীত ব্যবসায়িক উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা নিজ হেফাজতে রাখেন। তারা জব্দ করা বৈদেশিক মুদ্রার বিষয়ে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
ভিওডি বাংলা/এসআর







