• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানের শক্তি বাড়াতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ০৮:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের জন্য অর্ডার করা প্রথম ২০টি সুখোই-৩৫ যুদ্ধবিমানের উৎপাদন শেষ করেছে রাশিয়া। চলতি বছরের মধ্যেই অত্যাধুনিক এসব যুদ্ধবিমান তেহরানের কাছে হস্তান্তর করা হতে পারে বলে আন্তর্জাতিক প্রতিরক্ষা সূত্রের বরাতে জানিয়েছে কিয়েভ পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমানগুলো রাশিয়ার কোমসোমলস্ক-অন-আমুর বিমান কারখানায় তৈরি হয়েছে। বর্তমানে সেগুলো রাশিয়াতেই রয়েছে। চূড়ান্ত হস্তান্তরের আগে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

সুখোই-৩৫ রাশিয়ার অন্যতম আধুনিক যুদ্ধবিমান। প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার যুদ্ধপরিসরসম্পন্ন এই বিমান শত্রু ভূখণ্ডের গভীরে নির্ভুল হামলা চালাতে সক্ষম। পাশাপাশি স্বল্প দৈর্ঘ্যের বা অস্থায়ী রানওয়ে থেকেও উড্ডয়ন ও অবতরণ করতে পারে, যা যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা বাড়ায়।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এটি পঞ্চম প্রজন্মের গোপন প্রযুক্তিসম্পন্ন যুদ্ধবিমান না হলেও বিশ্বের অন্যতম কার্যকর ও যুদ্ধ-পরীক্ষিত যুদ্ধবিমান হিসেবে সুখোই-৩৫ এখনো গুরুত্বপূর্ণ। আধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় এর যুদ্ধক্ষমতা আরও বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সুখোই-৩৫ পরিচালনার জন্য ইরান ইতোমধ্যে পাইলটদের প্রশিক্ষণ শুরু করেছে। এ কাজে রাশিয়ার তৈরি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান ব্যবহার করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সুখোই-৩৫ যুক্ত হলে দীর্ঘদিন ধরে পুরোনো এফ-১৪, এফ-৪ ও এফ-৫ যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল ইরানের বিমানবাহিনীর সক্ষমতায় বড় পরিবর্তন আসবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে দূরপাল্লার আকাশ অভিযান পরিচালনায় তেহরানের কৌশলগত শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

এদিকে বিভিন্ন সূত্রের দাবি, রাশিয়ার কাছে মোট ৪৮টি সুখোই-৩৫ যুদ্ধবিমানের অর্ডার দিয়েছে ইরান। ভবিষ্যতে সুখোই-৩০এসএম২ এবং পঞ্চম প্রজন্মের সুখোই-৫৭ যুদ্ধবিমান কেনার বিষয়েও তেহরানের আগ্রহ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি
ছবি: সংগৃহীত
স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি
ছবি: সংগৃহীত
খামেনির জানাজায় কূটনৈতিক বার্তা তেহরানের