দুপুরের মধ্যেই ৮ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে বুধবার দুপুরের মধ্যেই ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সম্ভাব্য ঝড়ের কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (১৩ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এ ঝড় আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে।
একই সঙ্গে এসব এলাকায় বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। ঝড়ো আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার চিত্র তুলে ধরে আবহাওয়া অফিস বলেছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
ভিওডি বাংলা/জা







