জুন থেকে স্বাভাবিক হতে পারে হরমুজে জাহাজ চলাচল: যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মে মাসের শেষ পর্যন্ত বড় ধরনের ব্যাঘাতের মুখে থাকতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ)। তবে জুন মাস থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১৩ মে) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, চলতি বছরের শেষ নাগাদ হরমুজ প্রণালিতে নৌপরিবহন যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে আসতে পারে। খবরটি প্রকাশ করেছে শাফাক নিউজ।
ইআইএ-এর বিশ্লেষণে বলা হয়, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কেন্দ্র করে চলমান সংঘাতের কারণে এপ্রিল মাসে ইরাক, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের মোট দৈনিক প্রায় ১ কোটি ৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন স্থবির হয়ে পড়ে।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়ে থাকে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে এর কৌশলগত গুরুত্বকে আরও স্পষ্ট করে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক তেল মজুত দৈনিক গড়ে ৮৫ লাখ ব্যারেল হ্রাস পেতে পারে। এর ফলে মে ও জুন মাসে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলারের কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে সংঘাতের প্রভাব ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে দেখা দিতে শুরু করেছে। ইআইএ-এর অনুমান অনুযায়ী, দেশটিতে পেট্রোলের দাম গ্যালনপ্রতি ৩ দশমিক ৮৮ ডলারে পৌঁছাতে পারে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য