• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

নিজস্ব প্রতিবেদক    ১৩ মে ২০২৬, ১০:২২ পি.এম.
ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

বুধবার (১৩ মে) রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় কণ্ঠভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

এর আগে গত বছরের মে মাসে গঠিত সর্বশেষ কমিটিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) তৎকালীন কমিশনার (বর্তমানে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত) ড. নাজমুল করিম খান। সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা জেলার তৎকালীন পুলিশ সুপার, বর্তমানে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তবে একাধিক বিতর্কিত ঘটনার পর দীর্ঘদিন ধরে নাজমুল করিম খানের সভাপতির পদ স্থগিত ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নবনির্বাচিত সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন। চাকরি জীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNAMID-এও দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি (হেডকোয়ার্টার) পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন মোসলেহ উদ্দিন আহমেদ। পরে চলতি বছরের ১৬ মার্চ পুলিশ সদরদপ্তরে কর্মরত অবস্থান থেকে তাকে বদলি করে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে, ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা শামীমা পারভীনকে গত ৩০ এপ্রিল ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। ঢাকায় প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা এসপি হিসেবে দায়িত্ব পান তিনি। এর আগে তিনি পুলিশ সদরদপ্তরের এআইজি (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার) হিসেবে কর্মরত ছিলেন।

শামীমা পারভীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতেও দায়িত্ব পালন করেন। তিনি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ রকিবুল ইসলামের স্ত্রী।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে হঠাৎ ঝুম বৃষ্টি, দুর্ভোগে অফিসফেরত মানুষ
রাজধানীতে হঠাৎ ঝুম বৃষ্টি, দুর্ভোগে অফিসফেরত মানুষ
মিরপুরে কিশোর গ্যাং সদস্যসহ ১৭৫ জন গ্রেপ্তার
মিরপুরে কিশোর গ্যাং সদস্যসহ ১৭৫ জন গ্রেপ্তার
তামাকপণ্যের দাম বাড়াতে হবে মূল্যস্ফীতির চেয়েও বেশি : ধর্মসচিব
তামাকপণ্যের দাম বাড়াতে হবে মূল্যস্ফীতির চেয়েও বেশি : ধর্মসচিব