• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পশ্চিম এশিয়ায় উত্তেজনা, ভারতে জ্বালানির দাম বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ মে ২০২৬, ১০:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় এবার ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার (১৫ মে) থেকে দেশজুড়ে নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

নতুন নির্ধারিত দামে ভারতের রাজধানী দিল্লিতে পেট্রোলের মূল্য লিটারপ্রতি ৯৪ রুপি ৭৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ৯৭ রুপি ৭৭ পয়সা। একইসঙ্গে ডিজেলের দাম ৮৭ রুপি ৬৭ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯০ রুপি ৬৭ পয়সায়।

শুধু দিল্লিই নয়, ভারতের অন্যান্য বড় শহরেও জ্বালানির দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। কোলকাতায় পেট্রোলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১০৮ রুপি ৭৪ পয়সা। মুম্বাইয়ে এর দাম বেড়ে হয়েছে ১০৬ রুপি ৬৮ পয়সা এবং চেন্নাইয়ে ১০৩ রুপি ৬৭ পয়সা। বিভিন্ন শহরে জ্বালানির দাম ২ রুপি ৮৩ পয়সা থেকে সর্বোচ্চ ৩ রুপি ২৯ পয়সা পর্যন্ত বাড়ানো হয়েছে।

ডিজেলের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। কোলকাতায় ডিজেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৫ রুপি ১৩ পয়সা, মুম্বাইয়ে ৯৩ রুপি ১৪ পয়সা এবং চেন্নাইয়ে ৯৫ রুপি ২৫ পয়সা।

এদিকে দিল্লিতে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) এর দামও কেজিপ্রতি ২ রুপি বাড়ানো হয়েছে। আগে প্রতি কেজি সিএনজির দাম ছিল ৮৫ রুপি, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৮৭ রুপিতে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও ভারত এতদিন খুচরা পর্যায়ে বড় ধরনের মূল্যবৃদ্ধি থেকে বিরত ছিল। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সর্বশেষ ৩ রুপি মূল্যবৃদ্ধি পশ্চিম এশিয়ার সংঘাতজনিত বাড়তি চাপের সামান্য অংশই সামাল দিতে পারবে।

রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো প্রায় ১১ সপ্তাহ অতিরিক্ত ব্যয় বহন করেও জ্বালানির খুচরা মূল্য অপরিবর্তিত রেখেছিল। কিন্তু লোকসানের চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।

ভারতে সর্বশেষ বড় পরিসরে জ্বালানির দাম পরিবর্তন করা হয়েছিল ২০২২ সালের এপ্রিল মাসে। এরপর শুধু ২০২৪ সালের মার্চে লোকসভা নির্বাচনের আগে একবার লিটারপ্রতি ২ রুপি কমানো হয়েছিল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হলে ২০২২ সালের এপ্রিল থেকে দেশটির রাষ্ট্রায়ত্ত তিন তেল কোম্পানি দৈনিক জ্বালানি মূল্য সমন্বয় বন্ধ রাখে। পরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমলে তারা আংশিক ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়।

তবে পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আবারও বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ফেব্রুয়ারিতে ভারতের আমদানি করা অপরিশোধিত তেলের গড় মূল্য যেখানে ব্যারেলপ্রতি প্রায় ৬৯ ডলার ছিল, বর্তমানে তা বেড়ে ১১৩ থেকে ১১৪ ডলারে পৌঁছেছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মমতার আইনজীবী পরিচয় নিয়ে বার কাউন্সিলের অনুসন্ধান
মমতার আইনজীবী পরিচয় নিয়ে বার কাউন্সিলের অনুসন্ধান
‘গোপন বিশ্বাসঘাতকতার’ ইঙ্গিত, রহস্যময় বার্তা তেহরানের
‘গোপন বিশ্বাসঘাতকতার’ ইঙ্গিত, রহস্যময় বার্তা তেহরানের
হরমুজ প্রণালিতে ৭০টি জাহাজ আটকে দিয়েছে সেন্টকম
হরমুজ প্রণালিতে ৭০টি জাহাজ আটকে দিয়েছে সেন্টকম