ঢাকায় ঝুম বৃষ্টি, দুর্ভোগে অফিসগামী মানুষ

ঢাকায় সকাল সাড়ে ৭টার পর হঠাৎ করেই ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। দিনের শুরুতে কিছু সময় সূর্যের দেখা মিললেও অল্প সময়ের মধ্যেই আবহাওয়া বদলে যায়। এতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজট ও জনভোগান্তি।
রোববার (১৭ মে) সকাল সাড়ে ৭টা থেকে বৃষ্টি শুরু হয়।
ভোর রাত থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় দফায় দফায় বজ্রসহ বৃষ্টি হয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পায়। অফিসমুখী মানুষ, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া পথচারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। অনেক এলাকায় রিকশা ও গণপরিবহনের সংকটও দেখা যায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভিওডি বাংলা/জা







